নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী
- আপডেট সময় : 05:25:18 pm, Friday, 31 July 2026 4 বার পড়া হয়েছে
নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, নগর ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ
রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বিভিন্ন স্থানে নিজেই গাড়ি চালিয়ে আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে তিনি নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশনব্যবস্থা এবং সামগ্রিক নগর সেবার কার্যক্রম সরেজমিনে দেখেন প্রধানমন্ত্রী। কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা, এয়ারপোর্ট সড়ক, কাকলী, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, ক্যান্টনমেন্ট, বনানীসহ ডিএনসিসির আওতাধীন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি গুলশানের বাসভবনে ফিরে যান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ডিএনসিসির প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।







