আগামী নির্বাচনে জনগণ আবারও রায় দেবে: মির্জা ফখরুল
- আপডেট সময় : 09:20:54 am, Monday, 13 October 2025 640 বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য ছিল, কিন্তু এখন বিভিন্নভাবে দেশটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ আবারও রায় দেবে যে বাংলাদেশ সত্যিকারের অর্থে একটি অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক দেশ—যা বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।
আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক সময়ে রাজনীতিতে একটি উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে। ১৯৭১ সালে যে স্বতন্ত্র পরিচয় ও আদর্শের জন্য স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, তা এখন নতুন কিছু চিন্তাধারার মাধ্যমে আড়াল করার চেষ্টা চলছে—যা দেশের জন্য শুভ নয়।
তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। জাতি হিসেবে আমরা এটিকেই প্রতিষ্ঠিত ও শক্তিশালী করতে চাই।”
সংস্কার কমিশনের প্রস্তাবিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে মির্জা ফখরুল বলেন, এটি এখন বাস্তবায়নের সময় নয়, কারণ জনগণের কাছে এই ব্যবস্থা নতুন ও অপরিচিত। বিষয়টি পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত।
তিনি আরও বলেন, “আমরা সবসময়ই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। সরকার ও নির্বাচন কমিশন সে চেষ্টা করছে, কিন্তু কিছু বিষয় আমাদের উদ্বিগ্ন করে। পিআর পদ্ধতির মূল সমস্যা হলো, এতে ভোটাররা ব্যক্তি প্রার্থী নয়, দলকে ভোট দিতে বাধ্য হন। ফলে সরাসরি প্রতিনিধিত্বের ধারণা দুর্বল হয়ে পড়ে।”
মির্জা ফখরুল সতর্ক করে বলেন, হঠাৎ করে দেশে নতুন এই পদ্ধতি চালু করলে জনগণ বিভ্রান্ত হবে। “গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ও দ্রুত নির্বাচন প্রত্যাশী মানুষের জন্য এটি উদ্বেগের বিষয়,” তিনি যোগ করেন।






