১৫ অক্টোবর থেকে চালু হচ্ছে অনলাইন জামিন বন্ড ব্যবস্থা: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
- আপডেট সময় : 08:40:32 am, Tuesday, 14 October 2025 625 বার পড়া হয়েছে
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আসামিদের আদালত থেকে জামিন পাওয়ার পর মুক্তির প্রক্রিয়া সহজ করতে ১৫ অক্টোবর থেকে অনলাইন জামিন বন্ড সিস্টেম চালু করা হবে।
তিনি বলেন, বর্তমানে একজন আসামিকে জামিন পাওয়ার পর মুক্তি পেতে প্রায় বারোটি ধাপ অতিক্রম করতে হয়, যার অনেক জায়গায় হয়রানি ও অতিরিক্ত খরচের মুখে পড়তে হয়।
ড. আসিফ নজরুল বলেন, “নতুন ব্যবস্থাটি চালু হলে আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গেই মাত্র এক ক্লিকেই সংশ্লিষ্ট কারাগারে জামিন বন্ড পৌঁছে যাবে।”
আজ সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, আইন মন্ত্রণালয় কোনো বাহ্যিক সহযোগিতা ছাড়াই বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগ নিয়েছে। “আগামীকাল পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া অনলাইন জামিন বন্ড সিস্টেম সেই উদ্যোগগুলোর একটি, যা সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হয়েছে,” যোগ করেন ড. আসিফ নজরুল।






