সাংবাদিকদের বাইরে রাখায় বিসিবি সভাপতি আমিনুলের ক্ষমা প্রার্থনা
- আপডেট সময় : 08:45:24 am, Wednesday, 12 November 2025 183 বার পড়া হয়েছে
ঢাকার সোনারগাঁও হোটেলে গত রোববার ও সোমবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। দেশের ৬৪টি জেলা ও ৮টি বিভাগের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি এবং ক্রীড়া কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। দুই দিনের এই আয়োজন অনেককেই মুগ্ধ করলেও শেষটা বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়। কারণ, অনেক সাংবাদিককে আমন্ত্রণ থাকা সত্ত্বেও অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এই ঘটনা ঘটে কনফারেন্সের দ্বিতীয় ও শেষ দিনে, যা বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তির সঙ্গে মিলিত হয়েছিল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আজ অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিওবার্তায় সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
ভিডিওবার্তায় তিনি বলেন, “গত ১০ নভেম্বর সোমবার, বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আমি নিজে আপনাদের সেখানে দাওয়াত দিয়েছিলাম। যদিও অনুষ্ঠান আয়োজন ও শেষ করতে কিছুটা সময় লেগেছিল, তারপরেও বুঝতে পারলাম আপনাদের যথাযথ সম্মান দেওয়া হয়নি এবং আমন্ত্রণ থাকা সত্ত্বেও আপনাদের প্রবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, “আমরা তদন্ত করব কেন এই ব্যর্থতা ঘটেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেব।”
শেষে তিনি সাংবাদিকদের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, “আপনারা দেশের ক্রিকেট উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা ভুল করেছি এবং ভবিষ্যতে এমন ভুল এড়ানোর চেষ্টা করব। আশা করি, আপনরা আমাদের পাশে থাকবেন এবং আমাদের যাত্রার অংশ হবেন। আপনারা ভালো থাকবেন এবং আমাদের সহযোগিতা অব্যাহত রাখবেন।”






