প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমদ
- আপডেট সময় : 11:40:06 am, Thursday, 13 November 2025 143 বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর নিজের স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন। সালাহউদ্দিনের দাবি, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার স্বাক্ষর করা সেই সনদের প্রতিশ্রুতিগুলো তাঁর সর্বশেষ জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ভঙ্গ হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেন। এর কিছুক্ষণ পরই সালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেন।
ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ ও এর সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি ব্যাখ্যা করেন। তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। ১০০ সদস্যের উচ্চকক্ষ দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক ভিত্তিতে গঠিত হবে এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে।
এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক উচ্চকক্ষের বিষয়টি “নোট অব ডিসেন্ট” হিসেবে নিষ্পত্তি হয়েছিল। তাই এটি নতুন করে আরোপের কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামের যে নতুন কাঠামোর কথা বলা হয়েছে, তা জাতীয় ঐকমত্য কমিশনের কোনো আলোচনায় ছিল না—এটি সম্পূর্ণ নতুন ও অননুমোদিত ধারণা।
জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ সংলাপে বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছিলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, প্রধান উপদেষ্টার ভাষণ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এ বিষয়ে আলোচনার জন্য আজ রাতে স্থায়ী কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে।






