দরিদ্র মানুষের জন্য সূচনা মেমোরিয়াল ট্রাস্টের আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু
- আপডেট সময় : 04:39:21 pm, Friday, 14 November 2025 174 বার পড়া হয়েছে
সূচনা মেমোরিয়াল ট্রাস্ট স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ড জোরদারের লক্ষ্য নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।
ঢাকার ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি এবং সমাজকল্যাণে তাদের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন দৈনিক মানবকণ্ঠের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌরভ ভূঁইয়ার পক্ষে প্রয়াত সূচনা আক্তার রোকেয়ার একমাত্র ছেলে মোস্তাকিম মুহাম্মাদ নির্ভীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এ. এইচ. এম. ওমর ফারুক (এমবিবিএস, এমফিল–প্যাথলজি)—হলি ফ্যামিলি হাসপাতালের কনসালট্যান্ট প্যাথলজিস্ট এবং আনোয়ার খান মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের বিশেষজ্ঞ।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং দৈনিক মানবকণ্ঠের ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন সেলের রিপোর্টার আল বারু মুস্তাকিম নিবিড় জানান, তাঁর প্রয়াত স্ত্রী সূচনা আক্তার রোকেয়ার স্মৃতিকে ধারণ করেই এই ট্রাস্ট গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, নারীর স্বাস্থ্যসেবা, টিবি রোগীর সহায়তা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নই হবে ট্রাস্টের মূল লক্ষ্য।
ট্রাস্টের প্রধান কর্মসূচি
১. স্বাস্থ্যসেবা
অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
টিবি, ডায়াবেটিস, ক্যান্সার ও মাতৃ-শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা কার্যক্রম
রক্তদান কর্মসূচি
চক্ষু ও দন্ত চিকিৎসা সেবা
২. সামাজিক উন্নয়ন
বন্যা, খরা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন
পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ উদ্যোগ
মাদক, কুসংস্কার ও কালোজাদু বিরোধী সচেতনতা ক্যাম্পেইন
৩. মানবিক ও ধর্মীয় সহায়তা
ইফতার সামগ্রী ও কুরবানির মাংস বিতরণ
মসজিদ, মাদ্রাসা ও দাতব্য প্রতিষ্ঠানের জন্য অনুদান
নৈতিকতা, মানবতা ও পারিবারিক মূল্যবোধ প্রচার
১৪ নভেম্বর শুক্রবার, প্রয়াত সূচনা আক্তার রোকেয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ট্রাস্টের এই প্রথম আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত দোয়া মাহফিল, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সূচনা মেমোরিয়াল ট্রাস্ট স্যার সলিমুল্লাহ এতিমখানার সব শিশুর চিকিৎসা সেবার দায়িত্ব গ্রহণ করে। এতিমখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠাতা সাংবাদিক মুস্তাকিম নিবিড়কে আন্তরিক ধন্যবাদ জানায়।
উদ্বোধনী উপলক্ষে এতিম শিশুদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
অতিথিরা আশা প্রকাশ করেন যে ট্রাস্ট ভবিষ্যতে দরিদ্র মানুষের চিকিৎসা, নারীর স্বাস্থ্যসেবা এবং শিশুস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে টিবি চিকিৎসা ব্যবস্থায় একটি নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
উদ্বোধনের দিনে ট্রাস্টের পক্ষ থেকে
মোস্তাকিম মুহাম্মাদ নির্ভীক, আল বারু মোকতাদির আবীর, যুবরাজ, শফিকুর রহমান পাভেল, খন্দকার জুয়েল, আহানাফ নিবিড়, আলিফ এবং নিলয় মৃধা—সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়।
সামাজিক পরিবর্তনের অঙ্গীকার
দীর্ঘমেয়াদে মানবিক ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে অর্থবহ পরিবর্তন আনতেই সূচনা মেমোরিয়াল ট্রাস্ট এগিয়ে চলেছে।
আগামীতে ট্রাস্ট নিয়মিতভাবে পরিচালনা করবে—
কমিউনিটি হেলথ সার্ভিস
নারী ও কিশোরীদের স্বাস্থ্যশিক্ষা
টিবি রোগীদের সহায়তা
দীর্ঘমেয়াদি দাতব্য চিকিৎসা কার্যক্রম
এই মানবিক উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সবার নাগালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনার পথ উন্মোচন করবে।






