নিরাপত্তায় উন্মুক্ত সহযোগিতা, তবে সার্বভৌমত্বে হস্তক্ষেপ নয়: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
- আপডেট সময় : 10:22:39 am, Thursday, 20 November 2025 188 বার পড়া হয়েছে
খলিলুর রহমান বলেন, “আমাদের অঞ্চলের সামুদ্রিক এলাকা আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তার দায়িত্ব পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা জলদস্যুতা, অবৈধ মাছ ধরা, সামুদ্রিক সন্ত্রাস ও অন্যান্য অপরাধ মোকাবিলায় মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। অতীতে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলায় বাংলাদেশও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। যে কোনো পরিস্থিতিতেই আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করি।”
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) হুমকির মুখোমুখি। বাংলাদেশ নিজস্ব সাইবার স্পেস, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি সুরক্ষিত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ—শুধু নাগরিকদের নিরাপত্তা, গোপনীয়তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য নয়, বরং যাতে বাংলাদেশ থেকে কোনো কর্মকাণ্ড আঞ্চলিক বা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য হুমকিস্বরূপ না হয়ে ওঠে তা নিশ্চিত করার জন্য।
খলিলুর রহমান আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তার জটিলতা মোকাবিলায় বাংলাদেশ পারস্পরিক বিশ্বাস ও সম্মান, অভিন্ন স্বার্থ এবং সুবিধা ভাগাভাগির নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি স্থিতিশীল, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল নিশ্চিত করতে বাংলাদেশ হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, কোনো বাইরের বা অভ্যন্তরীণ কারণকে অন্য কোনো রাষ্ট্র বা জনগোষ্ঠীর জন্য হুমকিতে রূপান্তরিত হতে দেওয়া যাবে না। স্বচ্ছতা ও পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে যেকোনো বিষয়ে মিলিত সমাধান খুঁজে পেতে বাংলাদেশ প্রস্তুত এবং আশা করে এই কনক্লেভটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং আঞ্চলিকভাবে পরিচালিত বহুপাক্ষিক সংস্থায় পরিণত হবে।






