ভূমিকম্পে মেট্রোরেলের ক্ষয়ক্ষতি নিয়ে যা জানালেন ডিএমটিসিএল এমডি
- আপডেট সময় : 11:44:44 am, Saturday, 22 November 2025 286 বার পড়া হয়েছে
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিকম্পে মেট্রোরেলের অবকাঠামোতে কোনো ক্ষতি হয়েছে কি না, তা যাচাই করতে বিস্তারিত অনুসন্ধান চলছে।
শনিবার (২২ নভেম্বর) তিনি এক গণমাধ্যমকে এমনটি জানান।
ভূমিকম্পে মেট্রোরেলে কোনো প্রভাব পড়েছে কি না—এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি এবং নির্ধারিত সময়ে যাত্রী পরিবহন স্বাভাবিক রয়েছে। তারপরও সম্ভাব্য ক্ষতির বিষয়টি নিশ্চিত করতে সব স্থাপনা পরিদর্শন করা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এই ঘটনায় পুরান ঢাকায় একটি বাড়ির রেলিং ধসে তিনজন এবং মুগদার মদিনাবাগে একটি নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে একজন নিহত হন। নরসিংদীতে ছয়জন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়।
ডিএমটিসিএল জানায়, ভূমিকম্পের সময় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে বিকেলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। ভূমিকম্পের পরপরই স্টেশন ও রুট পরীক্ষা শুরু করা হয়। যাত্রী পরিবহনের আগে উত্তরা ও মতিঝিল থেকে পরীক্ষামূলক ট্রেন চালিয়ে পর্যবেক্ষণ করা হয়, তবে কোথাও কোনো ত্রুটি পাওয়া যায়নি।






