শাহবাগ রণক্ষেত্র, যান চলাচল বন্ধ
- আপডেট সময় : 02:13:39 pm, Tuesday, 25 November 2025 418 বার পড়া হয়েছে
শাহবাগে উত্তেজনা চরমে উঠেছে। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার দাবিতে অবস্থান নেওয়া পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যার ফলে এলাকা প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে এই পরিস্থিতি সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবুও অনেকে চারুকলা অনুষদের সামনে নতুন করে সমাবেশ গড়ে তোলেন। শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
আন্দোলনকারীরা দাবি করছেন, সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর জানিয়েছেন, পরীক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে তিনিও আহত হয়েছেন।
ওসি বলেন, “বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়েছে। আমিও আঘাত পেয়েছি। তারা এখনো রাস্তা দখল করে আছে।”
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করেন পরীক্ষার্থীরা। শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকে দেয়। ব্যারিকেড অতিক্রম করতে না পেরে আন্দোলনকারীরা সড়কেই বসে পড়েন। এরপর থেকেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
গত কয়েকদিন ধরে লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে পরীক্ষার্থীরা স্মারকলিপি প্রদান, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। রাজশাহী, খুলনা, ময়মনসিংহে রেল অবরোধ এবং ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধের মাধ্যমেও তারা একই দাবি তুলে ধরেছেন। তাদের হুঁশিয়ারি—তারিখ বদলানো না হলে তারা পরীক্ষা বর্জন করবেন।
আন্দোলনকারীদের অভিযোগ, আগের বিসিএস পরীক্ষাগুলোর তুলনায় এবার প্রস্তুতির জন্য সময় দেওয়া হয়েছে অত্যন্ত কম। আগের ব্যাচগুলো যেখানে ছয় মাস থেকে এক বছরের মতো সময় পেত, এবার তার তুলনায় অনেক কম সময় হাতে আছে। তাই তারা পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানাচ্ছেন।
এদিকে পিএসসি জানিয়ে দিয়েছে, আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসনবিন্যাসসহ সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






